খুব চেয়েছিলাম ২০২৫ সালের ‘ন্যাশনাল বুক অ্যাওয়ার্ড’-এর ঘোষণায় মেঘা মজুমদারের ‘A Guardian and a Thief’ ফিকশন বিভাগে সেরা বইয়ের খেতাব পাক। অচেনা মেঘার প্রতি এই পক্ষপাতিত্ব আমার মনের ভেতর ‘চিয়ার লিডার’ হয়ে দাঁড়িয়ে গিয়েছিল মূলত দুটি কারণে–প্রথমত, তিনি একজন নারী; দ্বিতীয়ত, মেঘা বাঙালি। মেঘার জিতে যাওয়া যেন কোনোভাবে আমাদেরই জিতে যাওয়া। কিন্তু আফসোস, শেষ পর্যন্ত তা হয়নি। তবে ‘দেয়ার ইজ অলওয়েজ অ্যা নেক্সট টাইম’, মেঘা! আশা রাখি সেই দিন খুব বেশি দূরে নয়।
মেঘাকে টপকে যিনি ২০২৫-এর ন্যাশনাল বুক অ্যাওয়ার্ড জিতে নিলেন, তাঁর লেখাজোখা খুববেশি পড়া হয়নি। রাবিহ আলামেদ্দিনের (Rabih Alameddine) দু-তিনটে গল্প পড়েছিলাম, যার মধ্যে ‘The Perv’ এবং ‘Fight of the Century’ উল্লেখযোগ্য। তাঁর গল্পে মূলত বিচ্ছিন্নতার স্মৃতি, যুদ্ধের ছায়া, প্রবাসী জীবনের অস্থিরতা আর ‘ক্যুয়্যার’ (queer) পরিচয়ের জটিলতার পাশাপাশি আলামেদ্দিনের স্বাক্ষরধর্মী ব্যঙ্গ ও বিষণ্ণতা নিরন্তর চিবুক নাড়ে। তাঁর ‘My Mother She Killed Me, My Father He Ate Me’ গল্পটি সম্ভবত শিরোনামের কারণেই পাঠককে প্রবলভাবে প্রলুব্ধ করে। রূপকথার আড়ালে মানুষের গভীরতম ক্ষত আর আকাঙ্ক্ষার এই গল্পটি অন্য দুটির চেয়ে আমার মনে বেশি দাগ কেটেছে।
ক্ষেত্রবিশেষে পাঠক বোধহয় কিছুটা শিশুসুলভ বা স্বার্থপর হয়ে যান। যে আমি মেঘার জন্য মনে মনে ‘গো গার্ল গো’ বলে চেঁচালাম, সেই আমি কেমন দিব্যি নিজস্ব দুঃখের কানেকানে ‘আসছে বছর আবার হবে’ সান্ত্বনা শুনিয়ে সাততাড়াতাড়ি আলামেদ্দিনের বইটা পড়শির কাছ থেকে চেয়েচিন্তে পড়ে ফেললাম। বইখানা পড়ে সত্যিই চমৎকৃত হতে হয়।
আলামেদ্দিনের যে বইটির সূত্রে এত বাক্যালাপ, সেটি হলো–‘The True True Story of Raja the Gullible (and His Mother)’। রাবিহ আলামেদ্দিন তাঁর লেখায় যেভাবে গূঢ় হাস্যরস, রাজনৈতিক ব্যঙ্গ আর মানবিক ভঙ্গুরতা অন্বেষণের দুয়ার খুলে দেন, তা কেবল স্বতন্ত্র নয়, বরং এটি তাঁর নিজস্ব ঘরানা। এই উপন্যাসটি সেই ধারারই এক সার্থক দৃষ্টান্ত। প্রায় সাড়ে তিনশ পাতার এই রচনা, পাঠককে এমন এক অভিজ্ঞতার দিকে নিয়ে যায়, যেখানে বাস্তবতা ও গল্প, স্মৃতি ও কল্পনা, বিশ্বাস ও প্রতারণা; সবকিছু মিশে যায় অসাধারণ এক বয়ানের বৃত্তে।
কাহিনির কেন্দ্রে রয়েছে কথকের ভাই ‘রাজা’ এবং তার মা। রাজা একজন ‘গালিবল’ (gullible) মানুষ, অর্থাৎ যিনি খুব সহজে সবকিছু বিশ্বাস করতে অভ্যস্ত। এই রাজা চরিত্রের গুরুত্বপূর্ণ বাঁকগুলোকে লেখক এমন নিপুণভাবে সাজিয়েছেন, যা মূল আখ্যান হয়ে পাঠকের সামনে উপস্থিত হয়। কাহিনির প্রেক্ষাপট ২০২৩ সাল। পাঠক জানতে পারেন, রাজা তিন মাসের একটি লেখক-কর্মশালায় যোগ দিতে ইমেইলের মাধ্যমে আমন্ত্রিত হয়েছেন ভার্জিনিয়ায়। অথচ গত পঁচিশ বছরে রাজা নতুন কিছুই লিখে উঠতে পারেননি। তাঁর জীবনের এই স্থবিরতা আর অতীতচারণগুলো ফ্ল্যাশব্যাকে টুকরো টুকরো হয়ে আসতে থাকে। এই স্মৃতিচারণগুলো আমাদের দেখায়, কতটা রসবোধ ও সাহসিকতার সাথে রাজা জীবনের নানা প্রতিকূলতাকে মোকাবিলা করেছেন।
রাজা এবং তার মা ‘জালফা’, চরিত্র দুটি লেখকের কলমে ভীষণ জীবন্ত হয়ে উঠেছে। মা-ছেলের বিপরীতমুখী বৈশিষ্ট্যগুলো সিনেমার দৃশ্যের মতো ফুটিয়ে তুলতে আলামেদ্দিন পুরোপুরি সফল। একজন কৌতূহলী মায়ের যে কোমল ও সূক্ষ্ম চিত্রায়ন তিনি করেছেন, তা পাঠকের মনে দাগ কাটতে বাধ্য। অন্যদিকে মা ও সন্তানের মধ্যকার জটিল ও নিবিড় বন্ধনটিকে তিনি যেভাবে তুলে ধরেছেন, তা সত্যিই অনবদ্য।
পুরো বইটিতে লেখক রাজা এবং মাকে ঘিরে কখনো ঠাট্টার ছলে, কখনো মমতায়, আবার কখনো নির্মম সত্যের মোড়কে অনেক গূঢ় কথা বলে গেছেন। এখানে মায়ের চরিত্রটি শুধুমাত্র পারিবারিক প্রভাবের গল্প হিসেবে আসেনি; বরং এই চরিত্রটি দেখায় কীভাবে আমাদের পরিচয়, দুর্বলতা এবং বিশ্বাস–সবই আমাদের নিকটজনদের গড়ে দেওয়া ছাঁচে আটকে থাকে।
আলামেদ্দিনের ভাষা এখানে কৌতুকপূর্ণ, তীক্ষ্ণ, আবার অনেক জায়গায় কবিতার মতো আবেদনময়। তিনি ব্যক্তিগত যাপনকে রাজনৈতিক বাস্তবতার সঙ্গে এমনভাবে জুড়ে দিয়েছেন যে, আখ্যানটি একদিকে যেমন মজার, অন্যদিকে পাঠকের মনে এক ধরণের অস্বস্তিও তৈরি করে। এটি যেমন ব্যক্তিগত কাহিনি, তেমনি এর আবেদন সার্বজনীন। পড়তে গিয়ে পাঠক বুঝতে পারবেন, ‘গালিবল’ হওয়া শুধু রাজার বৈশিষ্ট্য নয়, বরং সমাজের বৃহত্তর প্রেক্ষাপটে আমরা সবাই কোনো না কোনোভাবে এই পরিস্থিতির শিকার।
রাজার কাহিনির সমাপ্তি ঘটলেও তার রেশ পাঠক বয়ে বেড়াবেন বহুক্ষণ। কেননা এই বই আমাদের সত্যের গভীরতা ও তার প্রকৃতি নিয়ে ভাবতে বাধ্য করে। আমরা যা বিশ্বাস করি তা কি আসলেই সত্যি, না কি আমরা বিশ্বাস করতে চাই বলেই তাকে ‘সত্যি’ বলে ধরে নিই? পরিবার, স্মৃতি আর শৈশব কি আমাদের স্বাধীনতা দেয়, নাকি আমাদের ‘বেঁধে বেঁধে’ রাখবার জন্য মায়ার নানা ছলে এক অদৃশ্য লক্ষণরেখা টেনে দেয়?
রাবিহ আলামেদ্দিনের গদ্যশৈলী এতটাই প্রাণবন্ত, পড়ার সময় মনে হবে লেখক স্বয়ং পাশে বসে গল্পটি শোনাচ্ছেন। নিঃসন্দেহে এটি একজন বড় লেখকের বিশেষ গুণ, যা আলামেদ্দিনকে সমসাময়িক সাহিত্যে স্বতন্ত্র এক পরিচিতি দেয়।
**********
The True True Story of Raja the Gullible (and His Mother)
Rabih Alameddine
প্রকাশক: Grove Press
ISBN-13: 978-0802166470

0 মন্তব্যসমূহ
মার্জিত মন্তব্য প্রত্যাশিত। নীতিমালা, স্বীকারোক্তি, ই-মেইল ফর্ম