মোনাজাত উদ্দিনের "ছোট ছোট গল্প" বইয়ের আলোচনা | নুসরাত জাহান

মোনাজাত উদ্দিনের "ছোট ছোট গল্প" বইয়ের আলোচনা | নুসরাত জাহান


সম্প্রতি বৈশাখ উপলক্ষ্যে চারণ সাংবাদিক মোনাজাত উদ্দিনের "ছোট ছোট গল্প" বইটি উপহার পেয়েছি। উত্তরের জনজীবনের বাস্তবতার নিদারুণ অঙ্কনের কথা জেনেই হয়তো বইটির প্রতি প্রবল আগ্রহ তৈরি হয়েছিলো। ভাবুক পাঠক অন্তর চন্দ্র বইটিকে চোখ ভিজে ওঠা আখ্যানগুলোর মধ্যে একটি বলে উপস্থাপন করেছেন। কিন্তু যে চোখ ভিজে ওঠার নান্দনিকতা হারিয়ে ফেলেছে বহু আগেই, যে চোখ শুষ্ক মরুভূমির ন্যায় - সে চোখ জীবনের নিষ্ঠুর কষাঘাতেও আর ভিজে ওঠে না। হৃদয়ে তীব্র হাহাকার অনুভব করবার শক্তিও ক্ষীণ হয়ে আসে। জীবনের কাঠিন্যতায় অনুভূতি বলতে তখন জীবনান্দের জীবনের শেষ দিনগুলোতে মর্যাদা পাওয়ার মত "ওই আর কি"। চোখ ভিজে না উঠলেও গভীরতার আচ কিছুটা হলেও তো ছুঁয়ে যায় পাঠক হৃদয়। 

মোনাজাত উদ্দিন ছিলেন একজন চারণ সাংবাদিক। গত শতাব্দীর যোগাযোগ ব্যবস্থার অপ্রতুলতার সেই সময়কালেও চষে বেড়িয়েছেন নদীমাতৃক বাংলাদেশের তৃণমূল অঞ্চলে। তুলে এনেছেন জীবনের গল্প, পত্রিকা মারফত পৌঁছে দিয়েছেন মানুষের মাঝে। এই ছুটে বেড়াতে গিয়ে জীবনের নানা বাঁকে মুখোমুখি হয়েছেন বিচিত্র সব অভিজ্ঞতার। খবরের সন্ধানে উত্তরাঞ্চলের পথে-প্রান্তরে ছুটতে গিয়ে প্রাপ্ত হওয়া সেইসব অভিজ্ঞতার মলাটবদ্ধ রূপ হচ্ছে "ছোট ছোট গল্প"। যেখানে ১৯টি ছোট গল্প স্থান পেয়েছে। তবে এখানে কাল্পনিক কোন রূপরেখা স্থান পায়নি, একেবারে মানুষের জীবনের নীরেট সত্য এই গল্পগুলো। এ প্রসঙ্গে লেখক নিজেই বলেছেন, —

এখানে যে-কটি গল্প পরিবেশিত হল, তা বানানো নয়, চরিত্রগুলো নয় কাল্পনিক। সাংবাদিকতার পেশা-জীবনে যেসব ঘটনার মুখোমুখি হয়েছি, দেখেছি যাদের কাছ থেকে, তাদেরই কিছু কথা-কাহিনী। তবে, ছোট ছোট গল্প বলতে পাঠক আবার এগুলোকে ছোট গল্প মনে না করেন। তেমন সাহিত্যরচনার সাধ্য আমার নেই। অনিবার্য কারণবশত কয়েকটি ঘটনার সাল, তারিখ, এলাকা এবং কোনো কোনো ক্ষেত্রে চরিত্রের নাম-ধাম এড়িয়ে যেতে হয়েছে।


মঙ্গা, ক্ষুধা এবং দারিদ্র্য পীড়িত উত্তরাঞ্চলের মানুষের ক্ষুধার তীব্রতার গল্প 'নুরুদ্দিনের আকাশ' দিয়ে বইটি শুরু। ক্ষুধার জ্বালায় মানুষ কত অদ্ভুত কাজই না করে। আকাশ ছুঁয়ে দেখবার আকাঙ্ক্ষায় নুরুদ্দিন উঠেছিলেন টাওয়ারে, খাদ্যের লোভে নিচে নেমে এসে উদ্ধারকর্মীদের রেহাই দিলেও সে কি পেয়েছিলো সেই খাদ্য? রাষ্ট্র কি মানুষের মৌলিক চাহিদা পূরণ করতে সমর্থ হয়েছে? এর পরেই 'বড়ালব্রীজের সেই মেয়েটি' - একজন বীরাঙ্গনার কথা। বাংলাদেশের মুক্তিযুদ্ধে কত মানুষের যে কতরকম ত্যাগ রয়েছে! যুদ্ধ পরবর্তী সময়ে বীরাঙ্গনাদের ভোগান্তি এবং নিষ্ঠুর-নির্মম পরিণতির সেই গল্পে লোম শিউরে ওঠে! আমাদের নিষ্ঠুর সমাজের তথাকথিত শিক্ষিত অশিক্ষিত সকলেই মস্তিষ্ক বিকৃত আমেনাকে নিয়ে মজা লোটার ধান্দায় থাকলেও সেকেন মাঝির মত অনুভূতি সম্পন্ন লোকেরা প্রতিবাদ করে ওঠে। 'সেকেন মাঝির নিমন্ত্রণ' সাংবাদিকতা করতে গিয়ে সেই মাঝিরই আরেক আন্তরিকতার গল্প, মানুষের নিঃস্বার্থ ভালোবাসা পাবার গল্প। আবার কত প্রকার নিরুদ্দেশের গল্প যে রয়েছে অভাবী এ অঞ্চলের পরিবারগুলোতে!

নদীবিধৌত অঞ্চলে নৌকাডুবি, নৌকাডুবি নিয়ে মিথ্যে খবর এবং সাংবাদিকের ভাগাভাগি, নেতার মিথ্যা প্রচারণার মাধ্যমে বরাদ্দ নিয়ে এসে জনসেবা করা কিংবা জনগণের লুফে নেওয়া সংবাদ তৈরি করতে গিয়ে স্থানীয় রিপোর্টার অথবা সম্পাদকের রগরগে কাহিনি তৈরি, সৎ সাংবাদিকের চাকুরী খোয়ানো, যোগাযোগ ব্যবস্থার অপ্রতুলতার সেই সময়েও বন্যা কিংবা প্রাকৃতিক দুর্যোগের ছবি এবং খবরাখবর দ্রুত পৌঁছানোর ব্যবস্থা করতে গিয়ে 'বাহক' সমাচার, ৮৭ সালের বন্যা, বট-পাকুড় গাছের বিয়ে, জমি দখল, তিস্তা এক্সপ্রেসে যাত্রাকালীন ঘটনা, সন্তান হারা মা আয়শা, অবসরের টাকা পাবার ব্যবস্থা করতে ছাত্রের কাছে ঘুষ ও অসহায়ত্বের দৃষ্টান্ত, বিউটির ফলো আপ এবং প্রেমের ফাঁদ - এ যেন সব ধরনের অভিজ্ঞতার এক সংকলন। 

ঘটনাগুলো রংপুর, কুড়িগ্রাম, উলিপুর, লালমনিরহাট, গাইবান্ধা তথা গোটা উত্তরবঙ্গেরই কথা। স্পষ্ট হয়ে ধরা দেয় টেবিল মেইড রিপোর্টের সাথে অনুসন্ধান প্রতিবেদনের পার্থক্য। সততা এবং নিষ্ঠার সাথে কাজ করতে গিয়ে মুখোমুখি হওয়া বিড়ম্বনা, অপারগতা, নানাবিধ বিপত্তি, কিংবা মানুষের দুঃখকষ্ট খুব কাছ থেকে অনুধাবনের কথা। সংবাদ কিভাবে মানুষের জীবন বদলে দেয়, ভুল সংবাদের প্রভাব কতটা সুদূরপ্রসারী, ভুল কিংবা সঠিক সংবাদ কিভাবে প্রভাব বিস্তার করে, কিংবা প্রতিযোগীতা দিয়ে ভুল সংবাদ পরিবেশিত হয় - এ সবকিছুই উঠে এসেছে ছোট ছোট গল্পে। 

আগেই বলা হয়েছে, এগুলো কোন কল্পিত গল্প নয় - নিরেট বাস্তব। সংবেদনশীল পাঠক মাত্রই চোখ ভেজাবেন অথবা চোখ ভেজানোর সক্ষমতা না থাকলে কোথাও একটা চিনচিনে ব্যথা অনুভূত হবে। ভাবাবে, চিন্তায় নাড়া দেবে। এক বসাতেই পড়ে ফেলার মত মানব জীবনের সব কাহিনিগুলো পড়বার পর পাঠককে এক অদ্ভুত বিষণ্ণ-বিপন্ন কিছু একটার মুখোমুখি তো হতেই হবে। উত্তরবঙ্গের সীমান্তবর্তী জেলা কুড়িগ্রামের মানুষ হয়ে সেই ভাবনা এড়িয়ে যাওয়া তো সম্ভব হলোই না, বরং জেঁকে বসেছে। 


~*~*~*~*~*~*~*~*~
ছোট ছোট গল্প
মোনাজাত উদ্দিন

প্রচ্ছদ: ধ্রুব এষ

প্রকাশক: আহমেদ মাহমুদুল হক (মাওলা ব্রাদার্স)
প্রথম প্রকাশ: এপ্রিল ১৯৯৩
২য় মুদ্রণ: জুলাই ২০১১
মুদ্রিত মূল্য ১০০৳
পৃষ্ঠা: ৮০
ISBN 984 410 024 0

মতামত:_

0 মন্তব্যসমূহ