কুমারজীব সত্যেন সেনের একটি ঐতিহাসিক উপন্যাস। এটি চতুর্থ -পঞ্চম শতাব্দীর বিখ্যাত পন্ডিত ও অনুবাদক কুমারজীবকে কেন্দ্র করে রচিত হয়েছে।
গল্পের শুরু হয় কুমারজীবের বাবা কুমারায়নকে দিয়ে। তাকে ঘিরে শুরুর দিকের কাহিনি আবর্তিত হতে থাকে। কুমারায়ন জন্মেছিলেন ভারতের গান্ধার রাজ্যে। ব্রাহ্মণ পরিবারে জন্ম হলেও বিস্তর জ্ঞানচর্চা করার ফলে তিনি বৌদ্ধ ধর্মে দীক্ষিত হন। গান্ধারের রাজধানী পুরুষপুরে আচার্য ভদ্রসেনের কাছে তিনি সর্বশাস্ত্রপারঙ্গম হয়ে ওঠেন। বৌদ্ধ ধর্মে দীক্ষিত হওয়ার কারণে কুমারায়নকে রাজসভার গুরু হিসেবে মেনে নেওয়া হয় না এবং তার পরিবার ও তাকে নিয়ে জন সমাজে লজ্জায় পড়ে যায়। পরে কুমারায়ন নিজেই নির্বাসিত হওয়ার সিদ্ধান্ত নেন। কুমারায়নের গুরু তাকে উত্তরের দিকে যাওয়ার কথা বলেন। উত্তরে ছিল চীনদেশ। জ্ঞান চর্চার জন্য বিশ্বের বিভিন্ন প্রান্তের লোকজন চীনে উপস্থিত হতো। কুমারায়ন যাত্রা শুরু করে উত্তরের দিকে, তার পরনে ছিল গেরুয়া রঙের চীবর,থলিতে দুই তিন খানা গ্রন্থ, দুই একটি চীবর,ন্যাড়া মাথা, সম্পূর্ণ এক সংসার ত্যাগী ভিক্ষু। পথে তার দেখা হয় বিভিন্ন যাযাবর আর বণিকদের সাথে। একেক দল একেক দেশে যাওয়ার কথা বলেন। এমনই এক বণিক দল থেকে তিনি কুচী রাজ্যের কথা জানতে পারেন। সেখানকার পরিবেশ আর লোকজনের বর্ণনা শুনে কুচিতে যাবেন বলে মনস্থির করেন। কুচীতে পৌঁছে তিনি জানতে পারেন এখানকার লোকজন তারই অপেক্ষা করছেন। পুরনো পুরোহিত নাকি এমনটা বলেছেন -
কুমারায়ন নামের এবং তার মতো চেহারার একজন আসবেন।
তিনি রাজপুরোহিতের দায়িত্ব গ্রহণ করেন। সংসার ত্যাগী এবং পুঁথিতে ডুবে থাকা ভিক্ষু প্রথম কোন নারী, রাজকুমারী জীবার সংস্পর্শে আসেন। প্রথমবার তিনি আলাদা অনুভূতি অনুভব করলেন। "বুদ্ধং শরণং গচ্ছামি" যপে নিজেকে ব্যস্ত রাখতে চাইলেন, কিন্তু হেরে গেলেন নিজের কাছে। রাজকুমারী জীবা কে বিয়ে করলেন। বছর দুয়েক পর তাদের প্রথম পুত্র সন্তান হল। যার নাম রাখলেন কুমারজীব। পুত্র এবং স্ত্রীর সংস্পর্শ তাকে ভুলিয়ে রাখতো কিছু সময়। কিন্তু রাত গভীর হলেই তিনি জ্ঞান অন্বেষণ এবং জ্ঞান ছড়িয়ে দেওয়ার কথা ভাবতেন। এক গভীর রাতে স্ত্রী, পুত্র এবং অনাগত আরেক সন্তান রেখেই তিনি আবার সংসার ত্যাগী হন।
কুমারায়নের স্ত্রী জীবা সব বুঝতে পেরে ২-৪ দিনের মাঝেই ভিক্ষুণীর বেশ ধারণ করেন এবং পুত্র কুমারজীবকে নিয়ে ভারতবর্ষে যাওয়ার সিদ্ধান্ত নেন। কয়েক মাস পরেই শিশুপুত্র হংসকেতনকে রেখে বেরিয়ে পড়েন ভিক্ষুণীর বেশে। তার সঙ্গী হন আরো কয়েকজন ভিক্ষু এবং জীবাকে পেতে ব্যর্থ প্রেমিক চারুব্রত। চারুব্রত জীবা'র কাছাকাছি থাকার এই সুযোগ হাতছাড়া করতে চাননি। আর ওদিকে জীবা স্বামীকে খুঁজে পাওয়ার আশায় এই সিদ্ধান্ত নেয়। জীবা এবং কুমারজীব ছয় মাস পর কাশ্মীরে পৌঁছান। ততদিনে বৌদ্ধধর্ম ব্যাপক বিস্তার লাভ করেছে এবং বিভিন্ন শাখায় বিভক্ত হয়েছে। কুমারায়ন যে বৌদ্ধ ধর্ম প্রচার করেছেন তা ছিল সর্বাস্তিবাদ। পরবর্তীতে তা মহাযান, হীনযান, সর্বাস্তিবাদ এবং মূল সর্বাস্তিবাদে বিভক্ত হয়ে পড়ে। জীবা এসবের কিছু না ভেবে কাশ্মীরের মহাযানবাদী গুরুর কাছে কুমারজীবকে রেখে তীর্থ ভ্রমণে বেরিয়ে পড়েন। ১৪ বছর পরে কুমারজীব বৌদ্ধ ধর্ম, দর্শন এবং বিভিন্ন ভাষায় অসামান্য পাণ্ডিত্য অর্জন করেন। জীবা বিভিন্ন তীর্থে ঘুরে কুমারায়নকে না পেয়ে তার আশা ছেড়ে দেন। পরে কুমারজীবকে নিয়ে নিজের রাজ্য কুচীতে ফিরে যান। গিয়ে দেখেন রাজ্যের অবস্থা এলোমেলো, তার ছোট ছেলে হংসকেতন বিদ্রোহী দলে যোগ দিয়েছে। কুমারজীব মহাযানবাদী দীক্ষা দিতে শুরু করে। এতে রাজ্যব্যাপী আরো অস্থিরতা ছড়িয়ে পড়ে। কারণ সর্বাস্তিবাদী এবং মহাযানবাদী সম্প্রদায়ের দ্বন্দ্ব শুরু হয়। এগুলোর মাঝে আবার দূষিত ধর্ম ছড়িয়ে পড়ে। বিপথগামী এবং বিকৃত ভিক্ষু -ভিক্ষুণীরা বিহারগুলোতে অবাধ যৌনাচারকে ধর্ম বলে প্রতিষ্ঠিত করতে থাকে। কুমারজীবের মাতুল চারুব্রত এসব গোপনে সামলাতে গিয়ে রাজদ্রোহী হয়ে যান। কারণ তিনি বিহারে গুপ্ত হামলা এবং খুন করেছেন। তিনি চীনে নির্বাসিত হন। তিনি চীনে পৌঁছে দেখতে পান, কুমারজীবের রচিত গ্রন্থ এবং অনুবাদ গ্রন্থ ইতোমধ্যে চীনে পৌঁছে গেছে। তিনি উপলব্ধি করেন চীনে শিক্ষার মহামিলন ঘটেছে। কত দ্রুত বিশ্বের বিভিন্ন প্রান্তের গ্রন্থ এখানে ভিড়েছে। কিছুদিন পরেই চীনারা কুচীরাজ্য আক্রমণ করে এবং কুমারজীবকে বন্দী করে আনে। তার জ্ঞানের ব্যাপকতা দেখে তাকে চীনে মুক্তি দেওয়া হয় এবং ধর্ম প্রচারকারী হিসেবে নিযুক্ত করা হয়। অনেক বছর পর জীবা এবং চারুব্রত কুমারজীবের সন্ধান পান। কানসু প্রদেশে পৌঁছে তারা জানতে চান লিয়াংচৌ শহর আর কতদূর? এক কৃষক জানান শহর আর একদিনের পথ, আর তার ছেলে শহরের সব খবর রাখেন। আচার্য কুমারজীব নাকি রাজধানী পিকিং এ চলে যাবেন। খোঁজ পেয়ে দুজনে ভেঙে পরেন এবং দ্রুত শহরে পৌঁছান। এত বছর পর মা-ছেলে সহজে কেউ কাউকে চিনতে পারেন না। পরে তারা আবেগে জড়িয়ে ধরে এবং বিভিন্ন গল্পে জড়িয়ে পড়ে। গল্পে জানা যায় হংসকেতন বিদ্রোহ করতে গিয়ে প্রাসাদ রক্ষীদের হাতে নিহত হয়। জীবা আর কুমারজীব স্তম্ভিত হয়ে যায়। পরবর্তীতে জীবা কুমারজীবকে অনুরোধ করে রাজ্যে ফিরে রাজকার্য এবং ধর্মপ্রচারের কাজে মনোনিবেশ করতে। কুমারজীব রাজি হয় না, কারণ তিনি চান বিদ্যা- বুদ্ধিকে মুক্তি দিতে। যা এক জায়গায় থেকে সম্ভব নয়। কুমারজীব বলেন -
আমার বাবাও এই পথ বেছে নিয়েছেন।
এ কথা শুনে জীবার মুখ থেকে আর কোন কথা বের হয় না। চারুব্রত কুমারজীবকে সাধুবাদ জানায়।
এভাবেই শেষ হয় সত্যেন সেনের কুমারজীব নামের ঐতিহাসিক গল্পটি।
প্রচ্ছদ: ChatGPT

0 মন্তব্যসমূহ
মার্জিত মন্তব্য প্রত্যাশিত। নীতিমালা, স্বীকারোক্তি, ই-মেইল ফর্ম