এতদিন ধারণা করা হয়েছিল প্রখ্যাত ভাষাবিজ্ঞানী হুমায়ুন আজাদের প্রথম বই 'অলৌকিক ইস্টিমার'। প্রকাশিত হয়েছিল ১৯৭৩ সালে। কিন্তু সম্প্রতি জানা গেল যে 'অলৌকিক ইস্টিমার' (১৯৭৩)-এর আগেই হুমায়ুন আজাদের প্রথম বই বেরিয়েছিল- 'ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ্ ১৮৮৫-১৯৬৯' শিরোনামে একটি জীবনী সিরিজে। ভাষাবিজ্ঞানী ড. মুহম্মদ শহীদুল্লাহর বৈচিত্রময় জীবন ও যাপিত নীতিবোধ, সংস্কৃতির প্রতি ভালোবাসা, তুমুল অসাম্প্রদায়িক মূল্যবোধের প্রতি দৃঢ়চিত্ত অবস্থান প্রভৃতি পরবর্তী যুগের ভাষাবিজ্ঞানী হুমায়ুন আজাদ আকৃষ্ট হয়েছিলেন।
বাংলাদেশের মত পশ্চাৎপদ একটি দেশ থেকে ভাষাবিজ্ঞানের প্রতি ভালোবাসা ড. মুহম্মদ শহীদুল্লাহকে নিয়ে গেছে প্যারিসের সরবর্ণ বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গনে। বিশ্বের তুখোড় ভাষাপণ্ডিতদের সান্নিধ্যে থেকে গবেষণা শেষে অর্জন করেছেন ডক্টরেট উপাধি। ড. মুহম্মদ শহীদুল্লাহর এই পাণ্ডিত্য হুমায়ুন আজাদের সামনে একটি বিশেষ ঘটনারূপে উপস্থিত হয়েছে।
মুক্তিযুদ্ধ চলাকালে ১৯৭১ সালের অক্টোবর মাসে প্রকাশিত হয় বইটি। প্রকাশ করে কেন্দ্রীয় বাংলা উন্নয়ন বোর্ড। বইয়ের আকার বেশ ছোট।
বইটি প্রথম প্রকাশের ৫৫ বছর পর নতুন করে প্রকাশিত হলো নিষ্ঠাবান গবেষক মুহিত হাসানের সংগ্রহ ও ভূমিকাসমেত। মুহিত এর আগেও 'জর্নাল' ও 'এক একর সবুজ জমি' নামে হুমায়ুন আজাদের প্রথম পর্বের রচনার দুটি মূল্যবান সংকলন সম্পাদনা করে সুধী পাঠকের দৃষ্টি আকর্ষণ করেছেন।
হুমায়ুন আজাদের ঐতিহাসিক তাৎপর্যবহ এই বইটির প্রকাশক- আগামী প্রকাশনী। প্রচ্ছদ: সব্যসাচী মিস্ত্রী।

0 মন্তব্যসমূহ
মার্জিত মন্তব্য প্রত্যাশিত। নীতিমালা, স্বীকারোক্তি, ই-মেইল ফর্ম