"হাজারমুখী রোদসী" কাজী লাবণ্যের এক দুঃসাহসিক আখ্যান- নুসরাত জাহান

কাজী লাবণ্য রচিত 'হাজারমুখী রোদসী' উপন্যাস



শিল্পীর শিল্প সত্ত্বায় উদিত হয় সমাজ-সংসারের যাবতীয় দিক। যুগে যুগে মানুষ সমাজ-সংসারের যে সমস্যা কিংবা সংকটগুলো নিয়ে কথা বলতে ভীতি অনুভব করেন -শিল্পীরা শিল্পের ছোঁয়ায় তুলে ধরে তারই এক ব্যতিক্রমি উপস্থাপন। জারী রাখেন প্রতিবাদ। কথাশিল্পী কাজী লাবণ্যের এমনি এক উপস্থাপন "হাজারমুখী রোদসী"। ছোট্ট সাইজের বইটি হাতে নিলেই দারুণ অর্থবহ এবং শৈল্পিক প্রচ্ছদ মস্তিষ্কে ভাবনার দুয়ার উন্মোচন করে। যেখানে বইয়ের পাতা ওল্টাতে ওল্টাতে চোখের সামনে ভেসে ওঠে দৃশ্যপট।


উপন্যাসটির কেন্দ্রীয় চরিত্র ময়না নামের এক প্রান্তিক কর্মজীবী নারী। রংপুর অঞ্চলের চিকলী নদীর ধারে যার বাস। জীর্ণশীর্ণ দেহের মাঝবয়েসী বিধবা নারীর সংসারে একমাত্র সন্তান মন্দেল এবং মা-মরা ভাগনে রব্বানীকে নিয়ে টিকে থাকার সংগ্রাম। ভালোমানুষ স্বামী অন্যের জমিতে কাজ করতে গিয়ে বজ্রপাতে পরলোকগত হয়েছেন। ময়না কখনও চাতালে আবার কখনও মাটি কাটার কাজ করেন। ভালো গীত গাইতে পারেন, আবার কেউ মারা গেলে কান্নাকরে শোকাবহ পরিস্থিতি সৃষ্টি করেন। একই মুখে নানা কথা আর এরকম বিভিন্ন কর্মকান্ডে সিদ্ধহস্ত বিধায় নাম পেয়েছেন হাজারমুখী। 


হাজারমুখী ময়না একমাত্র সন্তান মন্দেলকে মাদ্রাসায় দেয়, ছেলে ধর্মীয়জ্ঞান সম্পন্ন হবে, পরিবারের হাল ধরবে - সে আশায়। কিন্তু ছেলে পরিবারের হাল ধরা তো দুরের কথা উল্টো মায়ের বিভিন্ন কর্মকান্ডকে বেদাত আখ্যা দিয়ে মুখ কপচায় অনরগল। সৃষ্টি হয় মা-ছেলের মনস্তাত্ত্বিক বৈপরীত্য। অন্যদিকে ছোট্ট রব্বানী খালার নেওটা। সকালবেলা গরু বের করা থেকে শুরু করে খালার সারাদিনের কাজে হাতে হাতে এগিয়ে দেয়। খালার শ্রান্তি, খালার মুখের হাসিই যেন তার প্রশান্তি। ছেলের কর্মকান্ডে জন্মানো ক্ষোভে কষ্ট করে হলেও রব্বানীকে ভর্তি করান স্কুলে। 


খালা-ভাগনের ঝড় মোকাবিলা, চাজির (স্থানীয় এক চাচা) থেকে সাহায্য প্রাপ্তি, কিংবা রব্বানীর মেলায় গিয়ে ইচ্ছে আর অভাবের দ্বন্দ্ব - এসবই যেন রংপুর অঞ্চলের প্রান্তিক মানুষের জীবনের নিখুঁত চিত্রায়ন।  উত্তরাঞ্চলের মানুষ হিসেবে উপন্যাসটি পাঠ করে এ অনুভূতি আরো তীব্র হয়েছে। পুরো কাহিনি জুড়ে এ অঞ্চলের আঞ্চলিক ভাষার দক্ষ ব্যবহার উপন্যাসটিকে আরো অনবদ্য করে তুলেছে। 


উত্তরাঞ্চলের মানুষের জীবন যাপনের প্লটের পাশাপাশি দৃশ্যের আড়ালে অঙ্কিত হয়েছে আরেক লোমহর্ষক চিত্র। ছোট্ট রব্বানীর নির্যাতিত হওয়ার কষ্ট বুক চিরে যায়। প্রচলিত শিক্ষার আড়ালে আঁধারে অন্ধকারাচ্ছন্ন হবার খেসারত দিতে হয় মন্দলকে প্রাণ দিয়ে। লেখিকা পাঠকের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন বাতির নিচের অন্ধকারে লুকিয়ে থাকা বিভীষিকার কথা। অল্প কথায় গভীর কিন্তু তীক্ষ্ণ উপস্থাপন। এ যেন চলমান সময়ের আখ্যান, কথাশিল্পী কাজী লাবণ্যের ভীষণ দুঃসাহসিক এক চিত্রায়ণ। 


**********


হাজারমুখী রোদসী
কাজী লাবণ্য


প্রচ্ছদ: তাইফ আদনান 
প্রকাশক: গ্রন্থিক প্রকাশন 
প্রথম প্রকাশ: অমর একুশে বইমেলা ২০২৫; মাঘ ১৪৩১
পৃষ্ঠা: ৯০
মুদ্রিত মূল্য : ২৫০৳
ISBN : 978-984-98843-0-9

*************


# একই বইয়ের আরেকটি আলোচনা পড়ুন..

মতামত:_

0 মন্তব্যসমূহ