বাংলা গদ্যভাষায় এমন বই বিরল। দীপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্পের বই 'অশ্বমেধের ঘোড়া'। জীবনের একেকটা আশ্চর্য দিগন্ত উন্মোচিত করেছে বারবার। বইটি জ্যৈষ্ঠ ১৩৭০ / মে ১৯৬৩ তে প্রথম প্রকাশিত হয় 'অন্যধারা' (ভারত) থেকে।
এখানে মোট পাঁচটি গল্প রয়েছে।
- ১) নরকের প্রহরী
- ২) জটায়ু
- ৩) অশ্বমেধের ঘোড়া
- ৪) স্বয়ম্বর সভা
- ৫) প্রহরা
লেখক ১৯৬৩ সালের মে মাসে প্রথম সংস্করণের ভূমিকা লিখতে গিয়ে তিনি বলেন -
প্রায় দু বছর আগে এই ক্ষুদ্র গল্পসংকলনটি ছাপা আরম্ভ হয়েছিল এবং বিভিন্ন সময়ে একটু একটু করে এর মুদ্রণকার্য সমাধা হয়েছে। সম্প্রতি কিছুদিনের জন্য আমাকে বাইরে থাকতে হয়েছিল । ১৩৬৯ সনেই প্রকাশিত হবে এই ভরসায় আমি সেখান থেকে বইটির এক ছোট্ট ভূমিকা লিখে পাঠাই। কিন্তু সেই চৈত্র শেষ হলো, তারপর নতুন বছরের বৈশাখও গেল। ‘অশ্বমেধের ঘোড়া' এতদিনে প্রকাশিত হচ্ছে।
রচনার ক্রম অনুসারে গল্পগুলি সাজিয়েছি। ‘স্বয়ম্বর সভা’ বাদে আর সবকটি লেখারই রচনাকাল ও প্রকাশকালের ব্যবধান বেশি নয়। অনিবার্য কারণে পূর্বোক্ত গল্পটির মুদ্রণ বিলম্বে ঘটেছিল। প্রতিটি গল্পের শেষে প্রথম প্রকাশের তারিখ দেওয়া আছে ৷
গল্পগুলির বর্তমান পাঠে কোথাও ঈষৎ, পরিমার্জনা, কোথাও বা প্রথম প্রকাশকালের গুরুতর মুদ্রণ প্রমাদ সংশোধন করা হয়েছে। জ্যৈষ্ঠ, ১৩৭০
দীপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয় ১৯৭৯ সালের মার্চ মাসে। এই বই প্রকাশের আয়োজন দীপেন্দ্রনাথের জীবিতাবস্থায় শুরু। গল্পনির্বাচন, সংশোধন, সবই তাঁর করা। প্রথম সংস্করণের প্রথম গল্প ছিলো ‘মৃতশহর বসন্ত'। এটি বাদ দিয়ে তিনি এই সংস্করণে 'নরকের প্রহরী' গল্পটি অন্তর্ভুক্ত করেন। যদিও ১৫ জানুয়ারি ১৯৭৯ তারিখে দীপেন্দ্রনাথের জীবনাবসান হয়।
প্রচ্ছদ করেছিলেন পূর্ণেন্দু পত্রী
বইটির উৎসর্গ করেছেন 'মানিক বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু-কে'।
পরবর্তীতে 'একুশ শতক, কোলকাতা' থেকে অনিশ্চয় চক্রবর্তীর সম্পাদনায় গল্পসমগ্র, উপন্যাস সমগ্র ও অন্যান্য রচনা প্রকাশিত হয়েছে।

0 মন্তব্যসমূহ
মার্জিত মন্তব্য প্রত্যাশিত। নীতিমালা, স্বীকারোক্তি, ই-মেইল ফর্ম